রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ, যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুর্ঘটনায় আহত প্রায় ৬০ জনকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেশিরভাগ রোগীর অবস্থা গুরুতর এবং তাদের চিকিৎসা চলছে। এছাড়া একজনের মরদেহ সরাসরি হাসপাতালে আনা হয়েছে।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ব্রিফিংয়ে জানানো হয়, এ ঘটনায় মোট ১৯ জন নিহত হয়েছেন। সিএমএইচের চিকিৎসকরা বিকেল ৩টা ৪২ মিনিটে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে মৃত ঘোষণা করেন। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। কর্তৃপক্ষ এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।